• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম


ইরানের হামলার ভয়ে মার্কিন বাহিনীর মোবাইল-কম্পিউটারে ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম

ইরানের হামলার ভয়ে মার্কিন বাহিনীর মোবাইল-কম্পিউটারে ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধমধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে হামলা চালাতে বাণিজ্যিকভাবে পাওয়া অবস্থান-সংক্রান্ত তথ্য ব্যবহারের আশঙ্কায় সামরিক বাহিনীর বিভিন্ন মোবাইল ফোন ও কম্পিউটার থেকে বিজ্ঞাপন শনাক্তকারী বা ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার প্রকাশিত মার্কিন সিনেটর রন ওয়াইডেনের একটি চিঠি এবং রয়টার্সকে দেওয়া সামরিক কর্মকর্তাদের বক্তব্যে এ তথ্য জানা গেছে।মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রায় দুই মাস আগে কম্পিউটার ও মোবাইল ফোন থেকে বিজ্ঞাপন শনাক্তকারী বন্ধ করা হয়েছে। মার্কিন বিশেষ অভিযান কমান্ডও সম্প্রতি তাদের উইন্ডোজচালিত যন্ত্রগুলো থেকে এসব শনাক্তকারী নিষ্ক্রিয় করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, মোবাইল ডিভাইসের সঙ্গে যুক্ত বিজ্ঞাপন শনাক্তকারী চলতি বছরের শুরু থেকেই বন্ধ রয়েছে।সেনাবাহিনী ও নৌবাহিনীও আইনপ্রণেতাদের পাঠানো পৃথক চিঠিতে সামরিক ডিভাইসে বিজ্ঞাপন শনাক্তকারী বন্ধ করার কথা জানিয়েছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, উইন্ডোজ কম্পিউটারে এসব শনাক্তকারী ২০২১ সালের আগেই বন্ধ করা হয়েছিল। আর অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইল ডিভাইসে অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় রয়েছে।মোবাইল বিজ্ঞাপন শনাক্তকারী বা ‘মেইড’ হলো নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে যুক্ত একটি অনন্য পরিচয়চিহ্ন। বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর কার্যকলাপ ও অবস্থান অনুসরণ করতে এটি ব্যবহার করা যায়।

বিজ্ঞাপন শিল্পে সংগৃহীত এসব তথ্য পরে তথ্য-বাণিজ্যকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিক্রি হয়।মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, এসব বাণিজ্যিক অবস্থান-সংক্রান্ত তথ্য ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে থাকা মার্কিন সেনাদের গতিবিধি শনাক্ত করা এবং তাদের লক্ষ্যবস্তু করা সম্ভব।এ নিয়ে কয়েক মাস ধরে পেন্টাগনের ওপর চাপ দিয়ে আসছেন ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন। শুক্রবার ওয়াইডেন ও নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান পেন্টাগনকে একটি চিঠি দিয়ে সামরিক বাহিনী বাণিজ্যিক অবস্থান তথ্যের ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করেছে কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছেন।ওয়াইডেন বলেছেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপ যে এই হুমকি পুরোপুরি ঠেকাতে কার্যকর হয়নি, তা স্পষ্ট।

হ্যারিগানও সতর্ক করে বলেছেন, মার্কিন শত্রুদের অর্থের বিনিময়ে এমন তথ্য কেনার সুযোগ থাকা উচিত নয়, যা তাদের মার্কিন সেনাদের ওপর নজরদারিতে সহায়তা করতে পারে।সামরিক ডিভাইস থেকে অবস্থান তথ্য ফাঁসের ঝুঁকি কমানোর এই উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।এর আগে রয়টার্স জানিয়েছিল, কিছু মার্কিন সেনাকে তাদের ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। ইন্টারনেটে প্রকাশিত মোবাইল ভিডিওর মাধ্যমে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর অবস্থানসহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছে—এমন উদ্বেগ থেকেই এ পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

/বিএসএস