প্রেমিকের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক তরুণী। লিপস্টিক দিয়ে প্রেমিকের গাড়িজুড়ে এঁকেছেন ৩ হাজার ৪০০টি চুমুর দাগ। তবে সেই ব্যতিক্রমী সাজসজ্জার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভালোবাসার এই প্রকাশই বিপাকে ফেলেছে গাড়ির মালিককে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাকে দিতে হয়েছে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা।
গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায় ঘটেছে এ ঘটনা। সম্প্রতি গাড়িটি সাজানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে গাড়ির প্রায় পুরো বাইরের অংশজুড়ে লিপস্টিকের অসংখ্য চুমুর দাগ দেখা যায়। জানা গেছে, গাড়িটির মালিক আদিত্য সিকারওয়ারের প্রেমিকাই এমনভাবে গাড়িটি সাজিয়েছিলেন।
ট্রাফিক পুলিশের পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। একই সঙ্গে গাড়িটিকে সিটি সেন্টার এলাকায় চলাচল করতেও দেখা যায়। পরে তদন্ত করে গাড়ির মালিককে থাটিপুর এলাকা থেকে শনাক্ত করা হয়। তাকে থানায় নেওয়ার পর মোটর ভেহিকেলস আইনে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
গাড়ির মালিক আদিত্য জানান, বিদেশে এ ধরনের একটি প্রবণতা দেখেই তার প্রেমিকা গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়িজুড়ে ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর দাগ আঁকা হয়। পরে সেই অভিনব সাজসজ্জার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
আদিত্য আরও জানান, গাড়িতে এ ধরনের পরিবর্তন করা যে আইনের চোখে অপরাধ হতে পারে, তা তিনি জানতেন না। পুলিশের নির্দেশ পাওয়ার পর গাড়ি থেকে সব লিপস্টিকের দাগ পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি পুলিশের দেওয়া ৫ হাজার ৫০০ রুপি জরিমানাও পরিশোধ করেছেন তিনি।
/এসএন