যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে ‘নেগলেরিয়া ফাউলারি’ নামের বিরল ও প্রাণঘাতী ‘মগজখেকো’ পরজীবীর সংক্রমণে লিলিয়ান স্মার্ট নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি হ্রদে সাঁতার কাটার সময়ই শিশুটি এই প্রাণঘাতী পরজীবীতে আক্রান্ত হয়েছিল।
লুসিয়ানার রাস্টন এলাকার বাসিন্দা লিলিয়ান তার অষ্টম জন্মদিন উদযাপনের কয়েকদিন পরই মারা যায়। রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় শিশুটির পরিবার জানায়, ‘গত রাতে লিলিয়ান আমাদের কোলে আর ফিরে আসেনি।’ পরজীবীর সংক্রমণে তার মস্তিষ্কে ফোলাভাব ও ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর হয়েছিল যে তার ছোট্ট শরীর আর তা সামলে উঠতে পারেনি।
লুসিয়ানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস্টন শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবোর্ন হ্রদে সাঁতার কাটার সময় লিলিয়ানের শরীরে এই বিরল পরজীবী প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে।
‘নেগলেরিয়া ফাউলারি’ সাধারণত উষ্ণ মিষ্টিপানির জলাশয়—যেমন হ্রদ, নদী ও পুকুরে বাস করে। এটি স্নায়ুতন্ত্রে আক্রমণকারী একটি পরজীবী। দুর্ঘটনাবশত দূষিত পানি নাকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি স্নায়ুপথ ধরে মস্তিষ্কে পৌঁছায় এবং সেখানে তীব্র সংক্রমণ সৃষ্টি করে।
তবে এই পানি গিলে ফেললে ‘নেগলেরিয়া ফাউলারি’ সংক্রমণ হয় না। একইভাবে এটি একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরেও ছড়ায় না।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যামিবার সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এটি প্রায় শতভাগ প্রাণঘাতী। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০ জন এই বিরল ‘নেগলেরিয়া ফাউলারি’ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
/এসএন