• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম


খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝ’ড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ আগস্ট ২০২৬ ৩:২১ পিএম

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করেছেন তিনি। ওই ভিডিওতে খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক। তার এই রূপ দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন নেটিজেনরা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।

ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার সাজ ও উপস্থিতি বেগম খালেদা জিয়ার পরিচিত লুকের সঙ্গে বেশ মিল থাকায় বিষয়টি নজর কাড়ে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঢল নামে। অনেকেই চমকের সাজসজ্জা ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেন। একজন নেটিজেন মন্তব্য করেন, চমক সত্যিই একজন প্রতিভাবান শিল্পী, তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে।

আবার কেউ কেউ মন্তব্য করেন, এই প্রথম কাউকে এত সুন্দরভাবে বেগম খালেদা জিয়ার রূপে উপস্থাপন করা হয়েছে। অন্য একজনের মতে, ভিডিওটি দেখার সময় এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল, যেন সত্যিই বেগম খালেদা জিয়াই পর্দায় উপস্থিত হয়েছেন।

এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।

অভিনয়জীবনে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন চমক। এসব কাজের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

/এসএন