বর্তমানে ‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। অভিনয়ের ব্যস্ততায় কখনো দেশে, আবার কখনো দেশের বাইরে অবস্থান করছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্কের বিষয়ে নিজের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তার বর্তমান উপলব্ধি, মানুষ আসলে একা থাকার জন্য তৈরি হয়নি।
গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। ছবিটি মুক্তির পর আবারও দেশের বাইরে যান তিনি। এর আগে সনি লিভ অরিজিনালের ‘জ্যাজ সিটি’ সিরিজের কাজেও দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন শুভ। ওই সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে শুভ জানান, তিনি এখনো ‘হ্যাপিলি সিঙ্গেল’। তবে ভবিষ্যতে তার জীবনে আবারও সম্পর্ক কিংবা বিয়ে আসতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
শুভ বলেন, “জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো নাকি ওপরওয়ালা থেকে নির্ধারিত হয়। যেহেতু আমি এখন ‘হ্যাপিলি সিঙ্গেল’, তবে আমার উপলব্ধি হয়েছে, মানুষ বোধ হয় একা বাঁচার জন্য তৈরি হয়নি। মানুষ একা বাঁচতে পারে না।”
২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারান আরিফিন শুভ। মায়ের মৃত্যুর পর ব্যক্তিজীবনের আরও কিছু ঘটনাও তাকে প্রভাবিত করে। একপর্যায়ে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবন ও সম্পর্ক নিয়ে তার চিন্তাভাবনাতেও পরিবর্তন এসেছে।
এ প্রসঙ্গে শুভ বলেন, “আমার মা চলে যাওয়ার পর এবং আরও বিভিন্ন ঘটনা ঘটার পর আমি নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। কিন্তু আস্তে আস্তে অনুধাবন করছি, মানুষ একা বাঁচার জন্য জীবন ধারণ করে না।”
বিয়ে নিয়ে এখনই কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা না জানালেও ভবিষ্যতে তার জীবনে সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলে জানিয়েছেন এই অভিনেতা।
তিনি বলেন, “সেটা শুধু বৈবাহিক সম্পর্কই হতে হবে, তা নয়। তবে যদি বিশেষভাবে বিয়ের কথা বলতে চাই, সে ক্ষেত্রে বলতে পারি, অবশ্যই সম্পর্ক বা বিয়ে আমার জীবনে আবার আসতে পারে। সেটা ওপরওয়ালা জানেন। যখন হবে, তখন হবে।”
কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন আরিফিন শুভ। এতে ভক্তদের মধ্যে তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, সেটি তার বাস্তব জীবনের কোনো ঘোষণা ছিল না। চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ হিসেবেই ওই পোস্ট করেছিলেন তিনি।
বাস্তব জীবনে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও কোনো নির্দিষ্ট সময়ের কথা জানাননি শুভ। একইভাবে দেশের বাইরে থাকার কারণ নিয়েও কোনো বিস্তারিত ইঙ্গিত দেননি তিনি। এ বিষয়ে তার মন্তব্য, “আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।”
/এসএন