ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কজনক পরিস্থিতির মুখে পড়েছিলেন বাংলাদেশি দম্পতি সোমাইয়া আখতার ও রেজাউল ইসলাম। আগুন ও ধোঁয়ার কারণে হোটেলের কক্ষের দরজা দিয়ে বের হতে না পেরে জানালা দিয়ে কার্নিশে নেমে আশ্রয় নেন তারা। পরে দমকলকর্মীরা মই দিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন।
প্রায় এক সপ্তাহ আগে কলকাতায় বেড়াতে যান সোমাইয়া ও রেজাউল। ঘটনার দুই দিন আগে তারা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ওঠেন।
মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তাদের কক্ষের দরজায় জোরে ধাক্কার শব্দ শুনতে পান তারা। পরে বুঝতে পারেন, হোটেলে আগুন লেগেছে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
সোমাইয়া জানান, রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে দরজায় প্রচণ্ড শব্দে ধাক্কা দেওয়া হচ্ছিল। ওই শব্দে তার স্বামীর ঘুম ভেঙে যায়। দুজন বিছানা থেকে উঠে দরজা খুলতেই দেখতে পান, বারান্দা ঘন ধোঁয়ায় ভরে গেছে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত সিদ্ধান্ত নেন রেজাউল। দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা না করে জানালা দিয়ে বের হওয়ার পথ বেছে নেন তিনি। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে জানালা দিয়ে নিচে নেমে তিনতলার কার্নিশে আশ্রয় নেন।
সেখানে অবস্থান করার পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মই ব্যবহার করে ওই দম্পতিকে নিরাপদে উদ্ধার করেন।
/এএসএফ