• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম


ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ১১:১২ পিএম

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে পুনরায় ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর নিয়োগের পদ্ধতি নির্ধারণ করা হবে। একই সঙ্গে এ বিষয়ে অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হতে পারে বলে খবর প্রকাশিত হয়। এ নিয়ে আলোচনা ও বিভ্রান্তির মধ্যে শিক্ষামন্ত্রী সরকারের অবস্থান পরিষ্কার করলেন।

এদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) শিক্ষামন্ত্রীর পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেন।

তিনি লেখেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে শিক্ষা খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে এসব গুজব ও ভিত্তিহীন প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা তথ্যের ক্ষেত্রে কেবল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা উচিত।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও বলেন, শিক্ষাখাতে স্থিতিশীলতা, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

/এএসএফ