• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম


বাবার চায়ের দোকানে সহযোগিতা করেও জিপিএ-৫ পেল সিরাজগঞ্জের জুবায়েদ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ১০:৪৯ পিএম

মহাসড়কের এক পাশে বাবার চায়ের দোকান, আর অন্য পাশে ছেলের স্কুল। দীর্ঘ ১৬ বছর ধরে সেই দোকানে চা বিক্রি করে সংসার চালিয়ে আসছেন বাবা। বাবার ছোট্ট দোকানে সহযোগিতা করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে গিয়ে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে জুবায়েদ হোসেন প্রান্ত।

কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এ বছর জিপিএ-৫ অর্জন করেছে প্রান্ত। সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের পাশে বাজার ভদ্রঘাট এলাকায় তার বাবা মো. আব্দুল হাই সেখের চায়ের দোকান। অভাব-অনটনের সংসার হলেও প্রান্তর পড়ালেখার প্রতি ছিল অগাধ আগ্রহ। নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি অবসর পেলেই বাবার চায়ের দোকানে গিয়ে সহযোগিতা করত সে।

ছেলের অর্জনে উচ্ছ্বসিত বাবা জানান, অভাবের মধ্যেও ছেলে কখনো বাজে আড্ডায় সময় নষ্ট করেনি। নিয়মিত পড়াশোনা ও স্কুলে যাওয়ার কারণেই আজ এই ফল পেয়েছে। ছেলেকে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চান তিনি।

নিজের স্বপ্ন প্রসঙ্গে জুবায়েদ হোসেন প্রান্ত জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে ভবিষ্যতে একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হতে চায় সে। পড়ালেখা শেষ করে পরিবারের মুখে হাসি ফোটানোই এখন তার প্রধান লক্ষ্য।

স্কুলের শিক্ষকরা জানান, প্রান্তর এই সাফল্য তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। প্রতিকূলতাকে জয় করে কীভাবে এগিয়ে যেতে হয়, প্রান্ত তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

/এএসএফ