• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম


বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৮:৫৭ পিএম

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে যশোরের চৌগাছা উপজেলার ঋতু খাতুন। উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে এখন উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায় পড়েছে অদম্য মেধাবী এই শিক্ষার্থী।ঋতু খাতুন চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের দিনমজুর মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ফলে বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক দায়িত্ব আরও কঠিন হয়ে পড়েছে।ঋতুর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, ক্যানসারে আক্রান্ত বাবাকে বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা শুরু করে ঋতু। পরীক্ষা চলাকালে কবির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।গত ১০ মে ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা ছিল। ওই দিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা কবির হোসেন। বাবাকে হারানোর শোক বুকে নিয়েই সেদিন পরীক্ষায় অংশ নেয় ঋতু।ফল প্রকাশের পর ঋতু জানায়, বাবা বেঁচে থাকলে তার এই ফল দেখে খুব খুশি হতেন। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছে সে। একই সঙ্গে বাবার মৃত্যুর পর নিজের উচ্চশিক্ষা নিয়েও শঙ্কার কথা জানিয়েছে ঋতু।ঋতু বলে, ‘বাবা বেঁচে থাকলে এই ফল দেখে খুব খুশি হতেন। সবার কাছে বাবার জন্য দোয়া চাই। পাশাপাশি বাবার অবর্তমানে নিজের উচ্চ শিক্ষা নিয়েও শঙ্কায় আছি। কারণ আমাদের পরিবারটি দরিদ্র। বাবার আয়ে আমাদের সংসার চলতো। এখন বাবা নেই, চলতে কষ্ট হয়। কোনোমতে চলছে সংসার।’হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহানা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঋতু মেধাবী। ভালো করবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম। অসুস্থ বাবা ও পরিবারের দারিদ্র্য ঋতুর ফলাফলে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের প্রত্যাশা ঋতু ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে।’সমাজের বিত্তবানদের ঋতুর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শাহানা খাতুন বলেন, ‘কোনও শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারলে ঋতুর উচ্চশিক্ষা গ্রহণ সহজ হবে।’চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি খুব খুশির সংবাদ। উপজেলা প্রশাসন ওই অদম্য মেধাবীর পাশে থাকবে। ঋতুর উচ্চশিক্ষার বিষয়ে সর্বোচ্চ সহায়তা করা হবে।’বাবাকে হারানোর গভীর শোকের মধ্যেও এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে ঋতু দেখিয়েছে, প্রতিকূলতা তার স্বপ্নের পথে বাধা হতে পারেনি। এখন উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহযোগিতার অপেক্ষায় রয়েছে এই মেধাবী শিক্ষার্থী।

/বিএসএস