• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম


মরক্কোতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৯:৩৮ পিএম

মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে জুলাই-আগস্ট ২০২৪-এর গণআন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও জাতীয় ঐক্যের আদর্শ পুনর্ব্যক্ত করা হয়।

বুধবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। পরে দূতাবাসের কাউন্সেলর রাজিব ত্রিপুরা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

এ সময় বাংলাদেশ সরকারের নির্মিত জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানভিত্তিক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয়।

বক্তব্যে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের সাহস, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে বর্তমান সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে মরক্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন দেশের নাগরিক এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

/এএসএফ