• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম


সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৮:৪৫ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবু অনেকের ধারণা, বক্তব্যটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করেই লেখা।বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’পোস্টটি প্রকাশের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন এই সংগীতশিল্পী। তবে আসিফ আকবর তার পোস্টে সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।এর আগে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন আসিফ আকবর। এবারও তার এই স্ট্যাটাস ঘিরে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন।এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক আরেকটি ঘটনাও আলোচনায় এসেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে।স্থানীয়দের তথ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির মূল ফটকে আগুন লাগানোর চেষ্টা করে। এতে গেটের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।তবে আসিফ আকবরের ফেসবুক স্ট্যাটাস এবং সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/বিএসএস