ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
ব্রিফিংয়ে ড. মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে দেশের সব বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট সব দফতর সমন্বিতভাবে কাজ করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালু করবে। এর ফলে আমদানি-রফতানি কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হবে এবং ব্যবসায়িক ব্যয়ও কমে আসবে।
মাহদী আমিন আরও বলেন, বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগ পরিবেশ, শিল্পায়নের অগ্রগতি এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতায় আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশের তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা পরিচালনা সহজ করা, বিনিয়োগ বৃদ্ধি করা এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা। নীতিগত বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করায় বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরাও সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেসরকারি খাতের সঙ্গে সরকারের সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।
/এসএন