• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম


তীব্র গরমে বছরে ১৮০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি বাংলাদেশের: বিশ্বব্যাংক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৫:২৭ পিএম

তীব্র গরমে বছরে ১৮০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি বাংলাদেশের: বিশ্বব্যাংক

বাংলাদেশে ক্রমবর্ধমান তাপপ্রবাহের কারণে শ্রমের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে বিপুল কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে চরম গরমের কারণে দেশের অর্থনীতিতে আনুমানিক ১৩০ কোটি থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশের সমান।

‘এ লিভেবল ফিউচার: প্রটেক্টিং জবস অ্যান্ড গ্রোথ ফ্রম এক্সট্রিম হিট ইন সাউথ এশিয়াস সিটিজ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে রাজধানী ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে প্রতিবছর ঢাকায় মোট কর্মঘণ্টার প্রায় ৩ শতাংশ কার্যকরভাবে নষ্ট হচ্ছে, যা প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন কর্মসংস্থানের সমপরিমাণ।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে এই ক্ষতি আরও বাড়বে। তখন ঢাকার মোট উৎপাদনশীল কর্মঘণ্টার প্রায় ৭.৪ শতাংশ চরম গরমের কারণে হারিয়ে যেতে পারে।

গত ২৯ জুলাই প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে উৎপাদনশীলতার ক্ষতি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

বিশ্বব্যাংক সতর্ক করেছে, জলবায়ু পরিবর্তনের এ প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) এবং কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল লেবার ইনস্টিটিউটের যৌথ বিশ্লেষণের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তাপজনিত কারণে কর্মক্ষমতা হ্রাসের এই সংকট মোকাবিলা করা না গেলে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক খাত ২০৩০ সালের মধ্যে সম্মিলিতভাবে প্রায় ৬ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় হারানোর ঝুঁকিতে পড়বে।

তবে বিশ্বব্যাংকের মতে, সময়োপযোগী ও লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, কর্মপরিবেশ উন্নয়ন এবং কার্যকর অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই ক্ষতির প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

/এএসএফ