চলতি বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা, যেখানে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে হিসাব করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত সোমবার (২০ জুলাই) একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৯২২ কোটি ৫০ লাখ টাকার সমপরিমাণ।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ।