পবিত্র ওমরাহ পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা আশনা হাবিব ভাবনা। তার এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হলেও সেসবের জবাব দিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক স্ট্যাটাসে ওমরাহ সফরের অনুভূতি, অভিজ্ঞতা এবং সমালোচনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।
ভাবনা জানান, পরিবারের সঙ্গে ওমরাহ পালনের ইচ্ছা দীর্ঘদিনের ছিল। তবে নানা কারণে সেই ইচ্ছা বাস্তবায়ন হয়নি। এবার হঠাৎ করেই পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার সুযোগ পান।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আমাদের ওমরাহ যাওয়ার সিদ্ধান্তটা হুট করে হয়। যদিও হুট করে বললে ঠিক হবে কি না, কারণ বাবা-মা সবসময় যেতে চাইতেন। আমিও গত তিন বছর ধরে যেতে চেয়েছি। তবে সত্যি কথা হলো, আমি সিদ্ধান্তে অটুট ছিলাম না।”
তিনি আরও জানান, ব্যাংককে অবস্থানকালে তার মনে গভীরভাবে ওমরাহ পালনের ইচ্ছা জাগে। তখন এক বন্ধুকে তিনি বলেছিলেন, “আমি আল্লাহর ঘরে যেতে চাই, যত দ্রুত সম্ভব।” এরপর অল্প সময়ের মধ্যেই সেই সুযোগ হয়ে যায়।
ভাবনা লেখেন, “৬ তারিখ রাত থেকে ২৫ তারিখ—কয়েক দিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি।”
ওমরাহ পালন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “আল্লাহ যদি না চায়, আপনি কি তার ঘরে যেতে পারবেন?”
আল্লাহর প্রতি নিজের বিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আল্লাহ তার সব বান্দাকেই ভালোবাসেন। আমি জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না। তবে আমি জানি, আল্লাহ আছেন। তিনি সব দেখেন। আমার মনে কী আছে, আমার নিয়ত কী—সবই তিনি জানেন।”
নিজের বিশ্বাস ও নিয়ত নিয়ে কাউকে কোনো ব্যাখ্যা দিতে চান না বলেও স্পষ্ট করেছেন ভাবনা। তার ভাষায়, “আমি অন্য কাউকে প্রমাণ দেব না আমি কে। আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকেই কিছু প্রমাণ করতে চাই না।”
ওমরাহর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, মক্কা ও মদিনায় কাটানো প্রতিটি মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি বিশ্বাস করেন, তার এই ছবি দেখে যদি কেউ ওমরাহ পালনে অনুপ্রাণিত হন, সেটিই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি লেখেন, “আমি এই কারণে ছবি দিয়েছি, যাতে আমাকে দেখে আরও কেউ যদি অনুপ্রাণিত হয়, সেখানেই আমার সার্থকতা হবে।”
স্ট্যাটাসের শেষে তিনি সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন এবং ভক্ত-অনুরাগীদের সুন্দর ও শান্তিময় জীবনের জন্য শুভকামনা জানান।
/এএসএফ