অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। দেশটির সরকার অভিযোগ করেছে, বসতি স্থাপনকারীরা নিয়মিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই এসব ঘটনার বিচার হচ্ছে না।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে স্পেনের সরকার জানায়, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর চলমান সহিংসতার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। মাদ্রিদের ভাষ্য, দায়মুক্তির পরিবেশে এসব হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
স্পেনের বিবৃতিতে শুক্রবার পশ্চিম তীরের তাল গ্রামে সংঘটিত এক হামলার উল্লেখ করা হয়। ওই ঘটনায় চারজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং দুইজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বিবৃতিতে ইসরায়েল সরকারের প্রতি উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় স্পেন।
এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রশ্রয় দেওয়ার নীতি থেকে সরে আসার আহ্বানও জানায় মাদ্রিদ।
স্পেন আরও বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে দেশটি।
/এএসএফ