গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় নিজে এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি। মার্কিন সাময়িকী রোলিং স্টোন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডল ইস্ট মনিটর–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই।’
তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও একই ধরনের হুমকির মুখোমুখি হয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে নিজের অবস্থানের বিষয়টি উল্লেখ করেন।
মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই এসব হুমকি পাওয়া শুরু হয়েছিল। দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ইসরায়েল ও গাজা নিয়ে নিজের অবস্থান প্রকাশের কারণে তার স্ত্রীও সমালোচনা ও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছেন।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমস–কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার নেদারল্যান্ডসের দ্য হেগে হওয়া উচিত।
তবে তিনি স্পষ্ট করে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।
/এসএন