• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম


“নেতানিয়াহু যুদ্ধাপরাধী, তার জায়গা আইসিসিতে”—জোহরান মামদানি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১১:০৮ পিএম

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনাকে ঘিরে কড়া অবস্থান ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তার জায়গা দ্য হেগের আদালতে।”

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, বিষয়টি আইনি দিক থেকে জটিল। নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীনে থাকলেও, একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করার আইনি ক্ষমতা সিটি মেয়রের রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা নির্ধারণে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চলছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ইসরাইল আইসিসির এখতিয়ার স্বীকার করে না এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। নিউইয়র্কে তাকে গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ