নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ নিয়ে সিটি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। তার এই মন্তব্যের পরপরই নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে।
আল জাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, শনিবার (১৮ জুলাই) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন ব্যক্তি, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তার মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নেতানিয়াহুর বিচার হওয়া উচিত এবং তাকে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের মুখোমুখি করা প্রয়োজন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র মামদানি বিষয়টির আইনি জটিলতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা সিটির মেয়রের রয়েছে কি না, সেটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
তবে বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে জানান নিউইয়র্কের মেয়র। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা নির্ধারণে সিটির আইন বিভাগের সঙ্গে নিবিড় ও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন।
/এসএন