• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম


বিশ্বকাপ ফাইনালে ফিফার নতুন চমক, চ্যাম্পিয়ন দলকে ঐতিহাসিক রিং দিবে ফিফা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে এবার একের পর এক নতুনত্বের দেখা মিলেছে। হাইড্রেশন ব্রেক থেকে শুরু করে মাঠে অভিনয়ের জন্য কার্ড প্রদর্শনের মতো নানা পরিবর্তনের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচেও থাকছে বিশেষ চমক। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং বা স্মারক আংটি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

রোববার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে ২৩তম ফিফা বিশ্বকাপের আসর। এই ম্যাচে বিজয়ী দল শুধু আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণপদকই নয়, সঙ্গে পাবে বিশেষভাবে নির্মিত চ্যাম্পিয়নশিপ রিংও। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে এমন স্মারক আংটি দেওয়া হচ্ছে।

মোট ২০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হয়েছে, যা ২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণ করে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৩০টি আংটি চ্যাম্পিয়ন দলের ফুটবলার ও প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। ফলে সমর্থকেরাও ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক সংগ্রহে রাখার সুযোগ পাবেন।

বিশেষ এই আংটির এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, আর অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রতিটি আংটিতে থাকবে পৃথক সিরিয়াল নম্বর। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করা হবে এবং এর সঙ্গে থাকবে একটি সত্যায়ন সনদ।

ফাইনাল শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী হিসেবে অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি প্রত্যেকের আঙুলের সঠিক মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে, যাতে এই ঐতিহাসিক অর্জনের স্মৃতি আজীবন সংরক্ষিত থাকে।

/এএসএন