• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম


স্পেন অনেক শক্ত প্রতিপক্ষ, তবে আমি ওদের নিয়ে ভাবছি না: মেসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১২:২৬ পিএম

বিশ্বকাপ ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনকে যথেষ্ট সমীহ করলেও কোনো ধরনের বাড়তি চাপ অনুভব করছেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্প্যানিশ দলের শক্তি, খেলার ধরন এবং ফুটবলারদের সম্পর্কে নিজের পরিষ্কার ধারণা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে নিজের দল নিয়েও দারুণ আত্মবিশ্বাসী এই বিশ্বজয়ী তারকা।মেসির মতে, ফাইনালের মঞ্চে দুই দলই সমান শক্তি নিয়ে লড়াইয়ে নামবে। স্পেনের অনেক ফুটবলারের বিপক্ষে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে স্প্যানিশ স্কোয়াডের বড় একটি অংশ বার্সেলোনার ফুটবলার হওয়ায় তাদের সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত।ফাইনালের আগে স্পেনকে নিয়ে মেসি বলেন, “স্পেন অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। ওদের দলে বেশ কয়েকজন অসাধারণ ফুটবলার রয়েছে। তবে ওদের খেলার ধরন ও শক্তি সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে।

আমি ওদের অনেকের বিপক্ষে খেলেছি এবং এখনও নিয়মিত ওদের খেলা দেখি।”নিজের সাবেক ক্লাব বার্সেলোনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওদের অনেকেই বার্সেলোনার ফুটবলার। বার্সা এমন একটি ক্লাব, যাকে আমি এখনও ভীষণ ভালোবাসি এবং যার খেলা নিয়মিত উপভোগ করি। তাই আশা করছি দারুণ একটি ফাইনাল হবে। দুই দলই সমান শক্তি নিয়ে মাঠে নামবে। তবে সত্যি বলতে, স্পেনকে নিয়ে আমি খুব বেশি ভাবছি না।”চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা।

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে লামিন ইয়ামাল, রদ্রি ও তরুণ প্রতিভায় ভরপুর স্পেনও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।ফাইনালের এই মহারণে একদিকে থাকবে স্পেনের সংগঠিত রক্ষণভাগ, অন্যদিকে আর্জেন্টিনার ভয়ংকর আক্রমণভাগ। শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কার হাতে ওঠে, তা দেখার অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব।

/বিএসএস