• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম


মা/দ/ক মাম/লা/য় গ্রে/প্তা/র হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি ভিনচিচ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১১:১৪ এএম

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচের দায়িত্ব উঠেছে এমন এক রেফারির কাঁধে, যিনি একসময় পুলিশি অভিযানে আটক হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন।আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

৪৬ বছর বয়সী এই ম্যাচ কর্মকর্তা ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, উয়েফা নেশনস লিগের ফাইনালসহ ইউরোপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।তবে ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র–সংশ্লিষ্ট একটি পুলিশি অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়ার ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন।

ওই অভিযানে বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হলেও ভিনচিচ শুরু থেকেই দাবি করে আসেন, তিনি কেবল পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।পরে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও জানায়, ভিনচিচ ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

এরপর সব ধরনের বিতর্ক পেছনে ফেলে তিনি নিয়মিত আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছেন।এবার তার রেফারিং ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ অপেক্ষা করছে। বাংলাদেশের সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন স্লোভেনিয়ার এই অভিজ্ঞ রেফারি।

/বিএসএস