• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম


মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১১:১৯ এএম

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর দেশটির কোটি সমর্থকের মতো উচ্ছ্বসিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচ দেখার সুযোগ থাকলেও সেখানে যাচ্ছেন না তিনি।রোববার অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি মিলেই দেখবেন রাজধানী বুয়েনস এইরেসের অলিভোস প্রেসিডেন্ট ভবন থেকেই। কারণ, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচও তিনি সেখানেই বসে উপভোগ করেছেন এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। তাই নিজের এই ‘লাকি রুটিন’ পরিবর্তন করতে চান না তিনি।

রেডিও এল অবজারভেদরকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জানান, আগের সব ম্যাচের মতো এবারও অলিভোস থেকেই ফাইনাল দেখবেন। একই সঙ্গে তিনি নিজের আরেকটি ‘কাবালা’ বা সৌভাগ্যের বিশ্বাসের কথাও তুলে ধরেন।মিলেই বলেন, শীতের মধ্যেও তিনি ঘরের হিটার চালু করেন না। বরং একটি নির্দিষ্ট জ্যাকেট পরে পুরো ম্যাচ দেখেন। তার দাবি, সুইজারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে তিনি মাঝপথে জ্যাকেট খুলে ফেলেছিলেন, আর তখনই আর্জেন্টিনা গোল হজম করে। এরপর থেকে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আর কখনও সেই জ্যাকেট খোলেন না।

লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, এমন সৌভাগ্যের বিশ্বাসকে বলা হয় ‘কাবালা’। একই পোশাক পরে খেলা দেখা, একই জায়গায় বসে ম্যাচ উপভোগ করা কিংবা নির্দিষ্ট কিছু অভ্যাস অক্ষুণ্ন রাখা—এসব অনেক সমর্থকের কাছেই দলের সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।সেই বিশ্বাস থেকেই এবারও মেটলাইফ স্টেডিয়ামে না গিয়ে অলিভোস প্রেসিডেন্ট ভবনেই বসে লিওনেল মেসিদের আরেকটি বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

/বিএসএস