নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন একসঙ্গেই সরকারি প্রাথমিক বৃত্তি অর্জন করে বিরল নজির স্থাপন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলেন—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়। বর্তমানে তিনজনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
তাদের বাবা রেজাউল করিম সরকার জানান, তিন মেয়ের জন্ম একই সঙ্গে এবং ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বেড়ে উঠেছে। শৈশব থেকেই তাদের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল। তিনি নিজেও নিয়মিত তাদের পড়াশোনায় সময় দেন। পাশাপাশি তাদের মা উচ্চশিক্ষিত হওয়ায় মেয়েদের শিক্ষার বিষয়ে সবসময় গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, আল্লাহর রহমত, স্বজনদের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং তিন বোনের নিজস্ব পরিশ্রম ও একে অপরকে সহযোগিতা করার মানসিকতাই তাদের এই সাফল্যের মূল কারণ।
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, ছোটবেলা থেকেই তিন বোন পড়াশোনায় অত্যন্ত ভালো। তারা ভদ্র, বিনয়ী এবং নিয়মিত পড়াশোনা করে। তাদের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষকরা গর্বিত। ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, বর্তমানে তিনজনই তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা যেন ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেই প্রত্যাশা করেন তিনি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একই সঙ্গে সরকারি বৃত্তি অর্জন সত্যিই একটি বিরল ঘটনা। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
/এএসএফ