কুড়িগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে তিন যমজ বোন। একসঙ্গে জন্ম নেওয়া এই তিন শিক্ষার্থী এবার একসঙ্গেই মেধার স্বীকৃতি অর্জন করে জেলার শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।মেধাবী তিন বোন হলেন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান।
তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও শাহিনা আক্তার দম্পতির সন্তান।জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। অন্যদিকে তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই তিন বোনের পড়াশোনার প্রতি ছিল গভীর আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা করা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। একজনের সাফল্য অন্য দুজনকে আরও ভালো করার প্রেরণা জুগিয়েছে।
তিন মেয়ের এই অর্জনে আনন্দ প্রকাশ করে তাদের বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, এটি মহান আল্লাহর অশেষ রহমত। তিনি চান, তার মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সত্যিই একটি বিরল ঘটনা। এটি শুধু তাদের পরিবারের নয়, পুরো কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের বিষয়।
/বিএসএস