মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন সেনা সদস্য ও সামরিক ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে মোবাইল নেটওয়ার্কে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, টেলিযোগাযোগ বিশ্লেষণভিত্তিক গবেষণা প্রকল্প মোবাইল সার্ভেইল্যান্স মনিটর এবং সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে মার্কিন কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে এই সাইবার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, আন্তর্জাতিক মোবাইল রোমিং ব্যবস্থার দুর্বলতা এবং স্মার্টফোনের বিজ্ঞাপন-সংক্রান্ত ডেটা ব্যবহার করে যদি মার্কিন সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়, তবে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, উপসাগরীয় অঞ্চলের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইরান অথবা তাদের মিত্র গোষ্ঠীগুলো স্থানীয় মোবাইল অপারেটরদের রোমিং চুক্তির সুযোগ কাজে লাগিয়ে মার্কিন কর্মীদের অবস্থান অনুসরণ করছে।পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এফটিকে জানান, উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বাণিজ্যিকভাবে পাওয়া বিজ্ঞাপনভিত্তিক ডেটাবেস ব্যবহার করে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করেছে।এ বিষয়ে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাব-এর সিনিয়র রিসার্চ ফেলো গ্যারি মিলার বলেন, ইরানের কাছে রিয়েল-টাইম অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে। তার মতে, মোবাইল নেটওয়ার্কের এসএস৭ (SS7) প্রোটোকল বা অন্যান্য প্রযুক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে নজরদারি চালানো হয়ে থাকলে সেটি বিস্ময়কর কিছু হবে না।
সূত্র: আল জাজিরা
/বিএসএস