• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম


‘প্রয়োজনে হোয়াইট হাউসেও হামলা করার সক্ষমতা আছে ইরানের’—আইআরজিসির সাবেক কমান্ডার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৩:৫২ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে।

সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া সাক্ষাৎকারে হোসেইন কানানি মোগাদ্দাম বলেন, ‘যদি ট্রাম্পকে হত্যা করা লক্ষ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেও তা সহজেই করতে পারে। যখন প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেন আইআরজিসির এই সাবেক কমান্ডার। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এসব আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।

তার ভাষ্য, ‘আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপের উদ্দেশ্য হলো ইরানের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরা এবং ওয়াশিংটনের আনা অভিযোগগুলোর জবাব দেওয়া।

কানানি মোগাদ্দাম বলেন, ‘ট্রাম্প ও তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমাদের লক্ষ্য কেবল আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা স্পষ্ট করা। তবে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের বিবেচনায় রয়েছে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এএসএফ