• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম


‘আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক’—নেতানিয়াহু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৫:০৯ পিএম

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকেই শিরোপা জিততে দেখতে চান। তবে তার এই সমর্থনের মূল কারণ ফুটবল তারকা লিওনেল মেসি নন, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ।

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশংসাতেই বেশি মুখর ছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতি অটল সমর্থনের কারণে তিনি মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ বলে উল্লেখ করেন।

মিলের নেতৃত্বে ইসরায়েল ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই মন্তব্য সামনে আসে। সম্প্রতি দুই দেশ ‘আইজ্যাক অ্যাকর্ডস’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেছে, যার লক্ষ্য কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ করা।

‘মোজো পডকাস্ট’-এ বিশ্বকাপ নিয়ে আলাপকালে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন দলকে সমর্থন করছেন। জবাবে তিনি বলেন, এবারের বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার দিকেই নজর রাখছেন।

উপস্থাপক তখন লিওনেল মেসির প্রসঙ্গ তুললেও নেতানিয়াহু প্রথমেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’

নেতানিয়াহু আরও স্বীকার করেন, তিনি ও মিলে প্রায়ই অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে তাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে।

তবে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল শক্তিরও প্রশংসা করেন তিনি। নেতানিয়াহু বলেন, আর্জেন্টিনার একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং দলে একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড়ও আছেন, যার মাধ্যমে তিনি স্পষ্টতই লিওনেল মেসির কথাই ইঙ্গিত করেন।

আলোচনার একপর্যায়ে উপস্থাপক উল্লেখ করেন, মেসি প্রায় দুই দশক ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলছেন। তখন নেতানিয়াহু স্মৃতিচারণ করে বলেন, একটি ম্যাচ খেলতে ইসরায়েলে আসার সময় তার সঙ্গে মেসির সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতের অভিজ্ঞতাও তিনি পডকাস্টে তুলে ধরেন।

/এএসএফ