• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


আর্জেন্টিনা–মিসর ম্যাচে পক্ষপাতিত্ব করায় ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ দিল নোয়াখালীর যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৪:১২ পিএম

চলমান বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক যুবক। একই সঙ্গে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ নিয়ে যান মো. রাকিব (২২)। তিনি সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় কয়েকজনের সঙ্গে আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপ ম্যাচটি দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে।

অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।

রাকিবের ভাষ্য, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিসরের সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তিনি ফিফার কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, ম্যাচটি দেখার পর থেকে তিনি ও অভিযোগের সাক্ষীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। থানায় অভিযোগ মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এক ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। তাকে জানানো হয়েছে, ঘটনাটি বাংলাদেশের বিচারিক এখতিয়ারের বাইরে সংঘটিত হওয়ায় থানায় জিডি গ্রহণ করা সম্ভব নয়। তবে তিনি চাইলে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার বিষয়ে উদ্যোগ নিতে পারেন।

/এএসএফ