যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, ধমকবাজি ও প্রতিশ্রুতি ভঙ্গের নীতি অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে আর কোনো পরিণতি ছাড়াই পার পেতে দেওয়া হবে না। খবর প্রেস টিভির।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশগুলোর বিভিন্ন এলাকায় বেসামরিক অবকাঠামো এবং উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের একটি সেতুতে মার্কিন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তেহরানের দাবি, এসব হামলায় অন্তত তিনজন ইরানি নিহত হয়েছেন।
গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে ধমকবাজি ও প্রতিশ্রুতি ভঙ্গের নীতির মূল্য দিতে হয়।”
তিনি আরও বলেন, “আমি পরিষ্কারভাবে বলছি, যদি তোমরা আঘাত করো, তবে তোমাদের ওপরও আঘাত করা হবে।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম শীর্ষ আলোচক হিসেবে দায়িত্ব পালন করা গালিবাফ ওয়াশিংটনকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানান। তার মতে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
হরমুজ প্রণালি নিয়েও ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। গালিবাফ বলেন, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের এই কৌশলগত জলপথ ইরানের ব্যবস্থাপনার অধীনেই পরিচালিত হবে এবং কোনো মার্কিন হুমকির মাধ্যমে এ অবস্থান পরিবর্তন হবে না।
এদিকে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স কুয়েত ও বাহরাইনে অবস্থিত চারটি মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান।
এর আগে একটি নিরাপত্তা সূত্র জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে আসবে না ইরান। কৌশলগত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজন হলে লড়াই চালিয়ে যেতে দেশটি প্রস্তুত বলেও জানানো হয়েছে।
সূত্র: প্রেস টিভি
/এএসএফ