• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম


ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৬:৪৪ পিএম

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবারও স্পষ্ট করেছেন, ইরান ইস্যুতে ইতালি সামরিক নয়, কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান করছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জর্জিয়া মেলোনি বলেন, ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর থেকেই ইতালির অবস্থান পরিষ্কার। তার দেশ ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় অংশ নেবে না।

তিনি আরও বলেন, চলমান সংকটের সমাধানে ইতালি সরাসরি সামরিক সম্পৃক্ততার পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। সেই সিদ্ধান্তের মাধ্যমে রোম স্পষ্ট বার্তা দিয়েছিল যে, তারা মধ্যপ্রাচ্যের সংকটে সরাসরি সামরিকভাবে জড়াতে চায় না।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এরই ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ইতালি।

সূত্র: উইয়ন নিউজ

/এএসএফ