• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম


যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৭:২৪ পিএম

দেশের বাইরে আন্তর্জাতিক স্বর্ণবাজারে আবারও দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এর প্রভাবে জ্বালানি তেলের দাম ও মার্কিন ডলারের মান বেড়ে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম প্রায় ০.৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (৯ জুলাই) এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার স্বর্ণের দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৭ ডলারে লেনদেন হয়েছে। যদিও স্বর্ণের দাম কমেছে, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গভীর হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।

স্বর্ণবাজারে নতুন চাপ তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আর কার্যকর নেই। এর কিছু সময় পর মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখতে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। বুধবার প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর বৃহস্পতিবারও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের পাশাপাশি বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা চাপ লক্ষ্য করা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে। প্রয়োজনে সুদের হার আরও বাড়ানোর সিদ্ধান্তও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে। অন্যদিকে ব্যাংক অব আমেরিকা ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস ১৪ শতাংশ কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির মতে, ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতিই এ সিদ্ধান্তের প্রধান কারণ।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র চিত্র দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৩ ডলারে নেমেছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম উভয়ই ০.৪ শতাংশ বেড়েছে।

/এসএন