• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:০৯ এএম


৪০০ ছাড়াল কাঁচামরিচ, নিয়ন্ত্রণে নেই সবজি, পেঁয়াজ ও ডিমের বাজার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ২:৪১ পিএম

টানা বৃষ্টি ও দেশের কয়েকটি এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দাম অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ, ডিম এবং বিভিন্ন ধরনের সবজির দাম।শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি ১০০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং ২৫০ গ্রাম ১০০ টাকায়। তবে আধা কেজি বা এক কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে।সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুকুল মিয়া জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে যেখানে কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে, তার আগের সপ্তাহে সেই দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে।অন্যদিকে দেশি পেঁয়াজের দামও বেড়েছে। দেড় থেকে দুই সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।শান্তিনগর বাজারের ব্যবসায়ী রিদোয়ান হক বলেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। ভালো মানের পাবনার পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।সবজির বাজারেও নেই স্বস্তি। লম্বা বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা, গোল কালো বেগুন ১৮০ টাকা এবং সাদা বেগুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে এসব দামে কিছুটা তারতম্য রয়েছে।তবে ধুন্দুল ও পটলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আগে ১০০ টাকা কেজি থাকলেও বর্তমানে বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১২০ থেকে ১৪০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা এবং চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এদিকে গত সপ্তাহের তুলনায় খামারের ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। এক মাস আগে একই ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।অন্যদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি জাতের মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

/বিএসএস