• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম


‘ঢাকা দিবস’ পালনে ব্যাংক প্রতি ৩ কোটি টাকা করে দেয়ার দাবি সিটি কর্পোরেশনের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১:৩০ পিএম

রাজধানী ঢাকার ৪১৬তম বার্ষিকী উপলক্ষে ‘ঢাকা দিবস-২০২৬: হৃদয়ে ঢাকা’ শীর্ষক সাত দিনব্যাপী উৎসব আয়োজনের পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ আয়োজনের ব্যয় নির্বাহে দেশের বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে সর্বনিম্ন ৫০ লাখ থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সরশিপ চাওয়া হয়েছে।

‘আমার শহর, আমার দায়িত্ব: আমি বদলাই, ঢাকা বদলাবে’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে শোভাযাত্রা, ঐতিহ্যবাহী মেলা, ম্যারাথন, কনসার্ট ও প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো চিঠিতে তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থায়নের আহ্বান জানিয়েছেন।

তবে রাজধানীর নাগরিক সেবার বিভিন্ন সংকটের মধ্যে এমন আয়োজনের জন্য কোটি টাকার স্পন্সরশিপ চাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) এ উদ্যোগে আপত্তি জানিয়েছেন। তাদের মতে, ব্যাংকিং খাত বর্তমানে আর্থিক চাপের মধ্যে রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সিএসআর তহবিল মূলত শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত।

নগর পরিকল্পনাবিদ ও ব্যাংক খাতের কয়েকজন কর্মকর্তা বলেন, রাজধানীর জলাবদ্ধতা, সড়কব্যবস্থা ও নাগরিক সেবার মতো জরুরি সমস্যাগুলো অগ্রাধিকার পাওয়ার কথা। এসব সমস্যা সমাধানের পরিবর্তে উৎসব আয়োজনের জন্য ব্যাংকগুলোর কাছে বড় অঙ্কের অর্থ চাওয়াকে তারা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, সিএসআর তহবিলের নামে এভাবে বাণিজ্যিক ব্যাংকের কাছে অর্থ চাওয়া নৈতিকতার প্রশ্ন তোলে এবং এ ধরনের অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত হওয়া প্রয়োজন।

অন্যদিকে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ব্যাংকগুলোর আইনি ও আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে তাদের সাড়ার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এএসএফ