• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম


শেষ দুই বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি মিসে সর্বোচ্চ মেসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৬:৫৫ পিএম

সাম্প্রতিক দুই ফিফা বিশ্বকাপ মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি পেনাল্টি আদায় করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে দলটির পক্ষে মোট আটটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারিরা, যা এই সময়ে অন্য যেকোনো দলের তুলনায় সর্বোচ্চ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে প্রকাশিত এক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা পেয়েছিল পাঁচটি পেনাল্টি। আর চলমান ২০২৬ বিশ্বকাপে এ পর্যন্ত তাদের ঝুলিতে যোগ হয়েছে আরও তিনটি। সব মিলিয়ে দুই আসরে তাদের মোট পেনাল্টির সংখ্যা দাঁড়িয়েছে আটটি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। দুই বিশ্বকাপ মিলিয়ে ইংল্যান্ড পেয়েছে চারটি পেনাল্টি, যা আর্জেন্টিনার ঠিক অর্ধেক। ২০২২ এবং ২০২৬—উভয় আসরেই দুটি করে পেনাল্টি পেয়েছে ইংলিশরা।

পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল। এই তিন দলই দুই বিশ্বকাপ মিলিয়ে পেয়েছে তিনটি করে পেনাল্টি। এছাড়া জার্মানি, ইরান, পোল্যান্ড ও সুইজারল্যান্ড পেয়েছে দুটি করে পেনাল্টি।

একটি করে পেনাল্টি পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ইকুয়েডর, স্পেন, ঘানা, মেক্সিকো, নরওয়ে, ওয়েলস, ডিআর কঙ্গো এবং সেনেগাল।

আর্জেন্টিনার পাওয়া আটটি পেনাল্টির মধ্যে সাতটিই নিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। তবে সব সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। শেষ দুই বিশ্বকাপ মিলিয়ে তিনটি পেনাল্টি মিস করেছেন এই তারকা ফুটবলার।

চলমান ২০২৬ বিশ্বকাপে মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। একই আসরে অস্ট্রিয়ার বিপক্ষেও তার নেওয়া স্পট কিক পোস্টে লেগে ফিরে আসে। এর আগে ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক ভয়চেখ শেজনি।

এসব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে মেসির মোট পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়িয়েছে চারটি, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ।

আর্জেন্টিনার হয়ে বাকি একটি পেনাল্টি নিয়েছিলেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিলে সেই ম্যাচে স্পট কিক থেকে সফলভাবে গোল করেন মার্তিনেজ।

অন্যদিকে, ইংল্যান্ডের পাওয়া চারটি পেনাল্টির সবগুলোই নিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। এর মধ্যে মাত্র একটি সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথম পেনাল্টি থেকে গোল করলেও ম্যাচের শেষদিকে পাওয়া দ্বিতীয় সুযোগে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি।

ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগালের পাওয়া তিনটি করে পেনাল্টির মধ্যে ব্রাজিলের দুটি এসেছে চলমান ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে। ওই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস, অন্যটি থেকে গোল করেন নেইমার। এছাড়া ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে পাওয়া পেনাল্টিটিও সফলভাবে জালে জড়িয়েছিলেন নেইমার।

/এসএন