• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


বিশ্বকাপে জিতেও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, এক নম্বরে ফিরল ফ্রান্স

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৬:৪০ পিএম

মাঠের লড়াইয়ে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ ষোলোর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়েও এক নম্বর অবস্থান ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনির দল। অন্যদিকে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

সর্বশেষ হালনাগাদকৃত ‘লাইভ ফিফা র‍্যাঙ্কিং’ অনুযায়ী, ১৯২৫.৮৬ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বের এক নম্বর দল ফ্রান্স। আর ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ০.৭১ পয়েন্ট। এদিকে ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন।

চলমান বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে ধারাবাহিকভাবে র‍্যাঙ্কিং হালনাগাদ করছে ফিফা। যেহেতু ফ্রান্স ও আর্জেন্টিনা—দুই দলই এখনো শিরোপার দৌড়ে রয়েছে, তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে র‍্যাঙ্কিংয়ে আরও পরিবর্তন আসতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। সে সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়। অন্যদিকে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছিল লাতিন আমেরিকার দলটি। এরপর এক নম্বর দলের মর্যাদা নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মেসিবাহিনী।

তবে নকআউট পর্বে দুই দলের পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ের চিত্র বদলে গেছে। ফ্রান্স আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে, আর আর্জেন্টিনা নেমে এসেছে দ্বিতীয় স্থানে। যদিও দুই দলের পয়েন্টের ব্যবধান খুবই সামান্য হওয়ায় আসন্ন ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে শীর্ষস্থান আবারও হাতবদল হতে পারে।

/এসএন