সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। এ সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির দাবি, নেতাদের উপস্থিতিতেই সমাবেশ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। পরে পদযাত্রা শেষে সাভারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
/এএসএফ