• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম


নড়াইলে ঘুমন্ত দুই বোনের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ৯:২৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে ঘুমন্ত এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিমা আক্তার সেতু (১৭) নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্লার মেয়ে। তিনি নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মিতু খানম (১৩) বর্তমানে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই বোন খাবার খেয়ে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে একটি সরু সড়কে প্রবেশ করে। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি রাস্তার পাশের টিনের বসতঘরের ওপর উল্টে পড়ে।

দুর্ঘটনার সময় ট্রাকে থাকা বিপুল পরিমাণ পাথর ঘরের ভেতরে ঢুকে দুই বোনের ওপর চাপা পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে তাদের উদ্ধার করেন।

উদ্ধারের পর ঘটনাস্থলেই শামিমা আক্তারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। গুরুতর আহত তার ছোট বোন মিতু খানমকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


/এএসএফ