• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম


বৈরী আবহাওয়ায় পটুয়াখালীর ট্রলারডুবি, উদ্ধার ৫, এখনও নিখোঁজ ছয় জেলে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ১০:০৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে ১১ জন জেলে সাগরে ভেসে যান। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।

রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) এবং সজিব (২৫)।

এখনও নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। রোববার রাতে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলার ডুবে যাওয়ার পর তারা ট্রলারের একটি ভাঙা অংশ ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে রাত প্রায় ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের আরেকটি মাছ ধরার ট্রলার ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে জীবিত উদ্ধার করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও নিখোঁজ জেলেদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।


/এএসএফ