মাদারীপুরের শিবচর উপজেলায় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি ও ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন মোড়লকান্দি এলাকার খায়রুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) এবং হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। সম্পর্কে তারা ছিলেন চাচি-ভাতিজি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক লিটন (১৯), নিহত আয়শার মা মাহিমা আক্তার (৩৫) এবং ভ্যানে থাকা আরও তিন যাত্রী। তারা সবাই দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা। গুরুতর আহত ভ্যানচালক লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানে রওনা হন তারা। পথে দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে তাদের ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ছিটকে পড়ে এবং যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমি বেগম ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এএসএফ