• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম


৮ বছর আগেই ২০২৬ বিশ্বকাপ নিয়ে ম্যারাডোনার ‘ভবিষ্যদ্বাণী’, ফের ভা’ইরাল পুরোনো সাক্ষাৎকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুন ২০২৬ ১১:৫৩ পিএম

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আট বছর আগের একটি সাক্ষাৎকার। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করার পর দেওয়া সেই সাক্ষাৎকারের একটি মন্তব্য এখন নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে তীব্র গরমের কারণে খেলোয়াড়দের জন্য ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি দেওয়া হচ্ছে। এই বিরতিকে ঘিরেই অনেক ফুটবল সমর্থক ম্যারাডোনার সেই পুরোনো মন্তব্যকে ‘দূরদর্শী ভবিষ্যদ্বাণী’ হিসেবে উল্লেখ করছেন।

২০১৮ সালের ওই সাক্ষাৎকারে উত্তর আমেরিকার ক্রীড়া সংস্কৃতি ও সম্প্রচার ব্যবস্থার সমালোচনা করেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। তার দাবি ছিল, টেলিভিশনের বাণিজ্যিক স্বার্থ এবং বিজ্ঞাপনের সুযোগ বাড়ানোর জন্য একসময় ফুটবলের প্রচলিত কাঠামোও বদলে যেতে পারে।

একটি টেলিভিশন অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছিলেন, ‘বিজ্ঞাপন ঢোকানোর জন্য ওরা খেলাকে দুই অর্ধেকের বদলে চার ভাগে ভাগ করে ফেলবে। মিলিয়ে নিও, এটাই দেখতে পাবে।’

বর্তমান বিশ্বকাপে অবশ্য এখনো নিয়ম অনুযায়ী ৪৫ মিনিটের দুটি অর্ধেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে অতিরিক্ত তাপমাত্রার কারণে ফিফার নির্দেশনা অনুযায়ী খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে বাধ্যতামূলকভাবে ‘হাইড্রেশন ব্রেক’ দেওয়া হচ্ছে।

ফিফার এই প্রটোকলের উদ্দেশ্য খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হলেও, এতে স্বাভাবিকভাবেই সম্প্রচারের সময় কিছুটা বেড়ে যাচ্ছে এবং বিজ্ঞাপন প্রচারের অতিরিক্ত সুযোগ তৈরি হচ্ছে। এই কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ম্যারাডোনার সেই বক্তব্যের সঙ্গে বর্তমান বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন।

সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতাও করেছিলেন। তার মতে, দেশটিতে ফুটবল ঐতিহ্য ও আবেগের ঘাটতি রয়েছে। তিনি বলেছিলেন, ‘ওদের ফুটবলের প্রতি কোনো আবেগ নেই। কানাডিয়ানরা হয়তো ভালো স্কিইং করতে পারে, আর আমেরিকানরা তো বিজ্ঞাপনের সুবিধার জন্য খেলাকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করতে চেয়েছিল।’

একই সঙ্গে মেক্সিকোকে যৌথ আয়োজক করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। ম্যারাডোনার ভাষ্য ছিল, মেক্সিকো নিয়মিত বিশ্বকাপে অংশ নিলেও সাম্প্রতিক আসরগুলোতে মাঠের পারফরম্যান্সে তারা স্মরণীয় বা ব্যতিক্রমধর্মী কোনো অভিযান উপহার দিতে পারেনি।

/এসএন