• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম


ব্রাজিলকে নয়, বিশ্বকাপের ফাইনাল নিয়েই ভাবছেন জাপানের কোচ মোরিয়াসু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুন ২০২৬ ১০:১০ পিএম

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর সেই হতাশা এখনো ভুলতে পারেননি জাপানের ফুটবলপ্রেমীরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি পেনাল্টি মিস করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্লু সামুরাইদের। সে সময় কোন খেলোয়াড় আগে পেনাল্টি নেবেন, সেই সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপরই ছেড়ে দিয়েছিলেন প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।

তবে এবার সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না তিনি। সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে জাপান কোচ স্পষ্ট জানিয়েছেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালে এবার আর খেলোয়াড়দের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন না। পেনাল্টি শুটারদের তালিকা ও ক্রম তিনি নিজেই নির্ধারণ করবেন।

রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে মোরিয়াসু বলেন, ‘এবার যদি ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমি নিজেই ঠিক করব কে কোন অর্ডারে কিক নেবেন। খেলোয়াড়দের মাথা থেকে এই বিশাল মানসিক চাপটি আমি নিজের কাঁধে তুলে নিতে চাই।’

কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, এবার আরও পরিকল্পিত ও কঠোর প্রস্তুতি নিয়েই নকআউট পর্বে মাঠে নামছে জাপান।

তবে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কাও খেয়েছে দলটি। গ্রুপপর্বে চোট পাওয়া জাপানের অন্যতম তারকা এবং রিয়াল সোসিয়েদাদের উইঙ্গার তাকেফুসা কুবো এই ম্যাচে খেলতে পারবেন না।

কুবোর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মোরিয়াসু বলেন, ‘ও এখনো দলের সঙ্গে মূল অনুশীলনে অংশ নিতে পারছে না, আলাদাভাবে নিজের রিহ্যাব করছে। ব্রাজিলের বিপক্ষে ও খেলছে না। আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ও নিজেও মাঠে নামার জন্য ছটফট করছে।’

গত চার বছরে জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে জাপান। গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকেও ৩-২ ব্যবধানে হারিয়েছিল তারা।

এ কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে জাপান দলের আত্মবিশ্বাসও অনেক বেশি। ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন শীর্ষ লিগে জাপানি ফুটবলারদের ধারাবাহিক পারফরম্যান্স তাদের এই বিশ্বকাপের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

মোরিয়াসু স্বীকার করেন, উত্তর আমেরিকার বিস্তীর্ণ ভৌগোলিক দূরত্বে যাতায়াত এবং ব্রাজিলের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়া তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। তারপরও লক্ষ্য থেকে সরে আসতে রাজি নন তিনি।

জাপান কোচ বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি। অনেকে আমাদের ডার্ক হর্স বলছেন এবং সেই তকমা মাথায় রেখেই আমরা মাঠে নামব। আমরা বিশ্বাস করি আজ ব্রাজিলকে হারানোর সামর্থ্য এবং সুযোগ, দুটিই আমাদের আছে।’

/এসএন