• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম


ভিনিসিয়ুসের হ্যাটট্রিক কেড়ে নিল ভিএআর, ফিফার কাছে ব্রাজিলের আনুষ্ঠানিক অভিযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ১:৫৯ পিএম

বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে দুর্দান্ত জয়ের পরও ম্যাচের মূল আলোচনায় ছিল বিতর্কিত রেফারিং এবং ভিএআরের সিদ্ধান্ত।

ম্যাচে জোড়া গোল করে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে তার আরও একটি গোল বাতিল হওয়ায় হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ঘটনার জেরে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) পাঠানো এক চিঠিতে সংস্থাটি ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি মেক্সিকান রেফারি সিজার রামোসকে ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচে দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছে।

বিতর্কিত ঘটনাটি ঘটে ম্যাচের ২২তম মিনিটে। তখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রি নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছিলেন। এ সময় ভিনিসিয়ুস বল দখল করে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান।

গোল উদযাপনের কিছুক্ষণ পর ভিএআরের পরামর্শে রেফারি সিজার রামোস পিচসাইড মনিটরে গিয়ে রিপ্লে দেখেন। পরে তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের সময় ভিনিসিয়ুস হেনড্রিকে ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

রিপ্লেতে দেখা যায়, হেনড্রি বল ক্লিয়ার করার মুহূর্তে ভিনিসিয়ুস তার সামনে বাঁ পা বাড়িয়ে দেন। কেউ এটিকে বৈধভাবে বল দখল বলে মনে করলেও, আবার অনেকে মনে করেন স্কটিশ ডিফেন্ডারের কিক নেওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছিল।

রেফারির এই সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি, খেলোয়াড়রা এবং কোচিং স্টাফের সদস্যরা। ম্যাচ শেষে সিবিএফও জানিয়ে দেয়, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না।

ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিবিএফ সভাপতি সামির জাউদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ভিএআর ব্যবহারের উদ্দেশ্য হলো মাঠের রেফারির ‘স্পষ্ট ভুল’ সংশোধন করা। কিন্তু এই ঘটনায় সেই নীতির যথাযথ প্রয়োগ হয়নি বলে মনে করছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

চিঠিতে আরও বলা হয়েছে, এমন সিদ্ধান্ত ম্যাচের স্বাভাবিক ধারাকে প্রভাবিত করেছে। তাই ভবিষ্যতে সিজার রামোসকে ব্রাজিলের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছে সিবিএফ।

উল্লেখ্য, আগামী সোমবার হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

/এএসএফ