স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ের পর ব্রাজিল জাতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। তার মতে, এই ম্যাচে সেলেসাওরা দেখিয়ে দিয়েছে কেন তাদের জার্সিতে পাঁচটি বিশ্বকাপজয়ী তারকা শোভা পায়।
১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানো দলের অন্যতম নায়ক রোমারিও বর্তমানে রাজনীতিতে সক্রিয় থাকলেও জাতীয় দলের খেলা নিয়মিত অনুসরণ করেন। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর পর নিজের কলামে তিনি ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রোমারিও লিখেছেন, ম্যাচের শুরু থেকেই ব্রাজিল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। প্রথম ম্যাচের তুলনায় দলটির খেলায় স্পষ্ট উন্নতি দেখা গেছে। তার মতে, বিশ্বকাপে ধাপে ধাপে উন্নতি করাই সফল দলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
তিনি বলেন, “নিজ দেশের খেলা দেখে মনে হয়েছে যেন আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে। গতকাল ব্রাজিল দেখিয়ে দিয়েছে যে তারা আসল রূপে ফিরেছে। তারা আনন্দ নিয়ে খেলেছে, আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং দেখিয়েছে তাদের বুকে কেন পাঁচটি তারকা।”
রোমারিও আরও বলেন, “আমাদের সামনে এখনো পাঁচটি ম্যাচ বাকি। প্রতিটি ধাপে আরও উন্নতি করতে হবে। তবে এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিয়েছে।”
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রেরও প্রশংসা করেন তিনি। রাফিনিয়ার অনুপস্থিতিতে ভিনি আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং গোল করার পাশাপাশি দায়িত্বশীলতারও পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেন এই কিংবদন্তি।
গোলরক্ষক অ্যালিসনের গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ, মিডফিল্ডে ব্রুনো গিমারায়েসের নিয়ন্ত্রণ এবং রাইট ব্যাক দানিলোর উন্নত পারফরম্যান্সও তার নজর কেড়েছে। পাশাপাশি তরুণ রায়ানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
নেইমারকে আবার মাঠে ফিরে দেখতে পেরে আনন্দ প্রকাশ করে রোমারিও বলেন, পুরোপুরি ফিট হয়ে উঠলে তিনি দলের জন্য আরও বড় অবদান রাখতে পারবেন।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিরও প্রশংসা করেন রোমারিও। তার মতে, আনচেলত্তির নেতৃত্বে দলটি সুসংগঠিত হয়েছে এবং খেলোয়াড়দের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠেছে।
সবশেষে রোমারিও বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে এই জয় শুধু তিন পয়েন্ট নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার একটি বড় উপলক্ষ। তার বিশ্বাস, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে আরও ভালো কিছু করতে সক্ষম হবে ব্রাজিল।
সূত্র: যুগান্তর
/এএসএফ