দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (২৪ জুন) সংঘটিত ওই ভূমিকম্পের পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চল। এর মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্যে সবচেয়ে বেশি কম্পন ও পরবর্তী আফটারশকের প্রভাব পড়েছে।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির হিসেবে, এতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।
শক্তিশালী এই ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ডেলসি রদ্রিগেজ। ভাষণ দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ।
ভাষণে ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও তদারকির দায়িত্বে একজন জেনারেলকে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।
/এসএন