দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দেয়।
ভাষণে প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে তিনি হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের মূল্যায়ন অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনা ৩০ শতাংশ।
ভূমিকম্পের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পাশে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ।
এ সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য একজন জেনারেলকে দায়িত্ব তদারকির দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট।
ভাষণে তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তবে কতজন প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
/এসএন