• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম


ভেনেজুয়েলার পর এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুন ২০২৬ ৯:২৩ এএম

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরই জাপানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯।

তবে ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। জরুরি দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতার তথ্য পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার (প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার (প্রায় ৩২ মাইল) গভীরে।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেআর ইস্ট (ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি) জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

/এসএন