• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম


‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’, ফিফাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফিলিপ লামের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১১:১৭ পিএম

ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম। চলমান বিশ্বকাপের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে জার্মান সংবাদমাধ্যম ‘ডি জাইট’-এ প্রকাশিত এক কলামে তিনি অভিযোগ করেছেন, ফুটবল বিশ্বকাপকে ধীরে ধীরে বিক্রি করে দেওয়া হচ্ছে, যা খেলাটির বিশ্বাসযোগ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বর্তমান বিশ্বকাপে প্রতি অর্ধে ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যেই বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক জার্মান ডিফেন্ডার।

ফিফার বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে লাম বলেন, সংস্থাটি রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই কাজ করছে। তার অভিযোগ, আয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য টিকিটের প্রকৃত চাহিদা সম্পর্কিত তথ্য গোপন করার কৌশলও নেওয়া হয়েছে।

নিজের কলামে ফিফার সমালোচনা করে ফিলিপ লাম লিখেছেন, “বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের কর্মকাণ্ড সমর্থকদের মধ্যে চরম অস্বস্তি তৈরি করছে। বর্তমানে ফিফা এবং বিশ্বকাপকে আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে পড়েছে।”

সাম্প্রতিক সময়ে প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের যে আলোচনা চলছে, সেটির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন জার্মানির এই সাবেক অধিনায়ক। তার মতে, একটি বিশ্বকাপের প্রভাব দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে যথাযথ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-পরবর্তী কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘন ঘন আয়োজন করলে সেই গুরুত্ব ও প্রভাব কমে যেতে পারে।

তবে ফিফার নানা সিদ্ধান্তের সমালোচনা করলেও চলমান ৪৮ দলের বিশ্বকাপের একটি ইতিবাচক দিকও তুলে ধরেছেন তিনি। লামের মতে, দলসংখ্যা বাড়ানোর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের নতুন গল্প তৈরি করার সুযোগ পাচ্ছে, যা ফুটবলের বৈশ্বিক বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফিলিপ লামের প্রকাশ্য সমালোচনার ঘটনা নতুন নয়। এর আগে ২০২২ সালের বিশ্বকাপ চলাকালেও তিনি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় ফিফা সভাপতির মধ্যে ‘সততার অভাব’ রয়েছে বলেও মন্তব্য করেছিলেন জার্মানির এই সাবেক তারকা ফুটবলার।

/এসএন