• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ এএম


বিশ্বকাপে এক ম্যাচেই ৬টি রেকর্ড গড়লেন রোনালদো!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১০:০৬ পিএম

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে হতাশ হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে গোল করতে না পারায় দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়েছিল নানা সমালোচনা। অনেকেই বলেছিলেন, বয়সের ভারে আগের মতো আর কার্যকর নন এই কিংবদন্তি ফুটবলার।

তবে সব সমালোচনার জবাব মাঠেই দিলেন রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে পর্তুগালকে নকআউট পর্বে তুলেছেন তিনি। একই সঙ্গে গড়েছেন একসঙ্গে ছয়টি অনন্য রেকর্ড।

প্রথমবারের মতো বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এমন নজির আর কারও নেই। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোল রয়েছে পাঁচটি আসরে।

এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন রোনালদো। ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে এই অর্জনে তিনি সবার শীর্ষে রয়েছেন।

৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হিসেবেও নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। তবে ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে বড় টুর্নামেন্টে গোল করার রেকর্ড এখন রোনালদোর দখলে।

উজবেকিস্তানের বিপক্ষে দ্বিতীয় গোলটি করে তিনি বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও এককভাবে নিজের করে নিয়েছেন। ২৪ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১০, যা ইউসেবিওর রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এদিকে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার রেকর্ডও এখন রোনালদোর। মাত্র একদিন আগেই ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ৪১ বছর বয়সে জোড়া গোল করে সেই রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন সিআর৭।

আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের হয়ে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় এখন তিনিই। এর আগে এই বিরল কৃতিত্ব ছিল শুধু ডেনমার্কের মাইকেল লাউড্রপ এবং আর্জেন্টিনার লিওনেল মেসির।

২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে প্রথম গোল করেছিলেন রোনালদো। তখন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন। দুই দশক পর ২০২৬ বিশ্বকাপে এসে ৪১ বছর বয়সেও গোল করে প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা।

পর্তুগালের নকআউট পর্ব নিশ্চিত হওয়ার রাতে তাই জয় যেমন ছিল দলের, তেমনি ইতিহাসটাও হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনালদোর।

/এএসএফ