• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম


বিশ্বকাপে নতুন বিস্ময় কেপ ভার্দে, সৌদিকে হারালেই ইতিহাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১০:৪৭ পিএম

বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছে কেপ ভার্দে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়ার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও দারুণ লড়াই করে ২-২ গোলের ড্র করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভোজিনহাদের দেশ।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলছিল কেপ ভার্দে। ২১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন পিনা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কেপ ভার্দে।

তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ১-১ সমতায় ফেরে লাতিন আমেরিকার দলটি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অগাস্টিন ক্যানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে হাল ছাড়েনি কেপ ভার্দে। ম্যাচের ৬১ মিনিটে তারা আবারও সমতায় ফেরে। এরপর ম্যাচের বাকি সময়ে উরুগুয়ের আক্রমণ সামলে নিজেদের রক্ষণভাগ অটুট রাখে দলটি। ফেদেরিকো ভালভের্দেদের আর কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি কেপ ভার্দের ফুটবলাররা।

স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার ফলে কেপ ভার্দের সংগ্রহ এখন দুই পয়েন্ট। গ্রুপে শীর্ষে রয়েছে স্পেন। গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, যদিও দুই দলের পয়েন্ট সমান। কেপ ভার্দে অবস্থান করছে তৃতীয় স্থানে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই ইতিহাস গড়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে কেপ ভার্দে। সেই স্বপ্ন নিয়েই এখন এগিয়ে চলছে ভোজিনহাদের দেশ।

অন্যদিকে, হতাশ করেছে বেলজিয়াম। ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেভিন ডি ব্রুইনিদের দল। এর আগে প্রথম ম্যাচেও মিশরের সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল তারা।

ইরানের বিপক্ষে ম্যাচে ১০ জন নিয়ে খেলতে হওয়ায় জয় পাওয়া আরও কঠিন হয়ে পড়ে বেলজিয়ামের জন্য। টানা দুই ম্যাচে ড্র করায় রোমেলু লুকাকুদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।